আজ থেকে রাজধানীতে ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

রাজধানী ঢাকার জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে আজ বুধবার (১ এপ্রিল) থেকে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফুটপাত ও সড়কের একাংশ 


 ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ট্রাফিক বিভাগের আটটি জোনের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের পাশে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, এই অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়। 


বরং প্রভাবশালী কিছু ব্যবসায়ী যারা রেস্টুরেন্টের রান্নাঘর বা স্থায়ী স্থাপনা ফুটপাত ও সড়কে গড়ে তুলেছেন, তাদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠান তাদের বৈধ সীমার বাইরে গিয়ে ফুটপাত দখল করে ব্যবসা করছে, সেগুলো দখলমুক্ত করা হবে। পাশাপাশি হকারদের জন্য নির্ধারিত এলাকায় হলিডে ও নাইট মার্কেট চালুর প্রস্তুতি চলছে।”


 এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো তাদের কার্যক্রম ফুটপাত ও সড়কে সম্প্রসারণ করেছে। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব তৈরির যন্ত্রপাতি, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রাংশ এবং আসবাবপত্র সড়কের ওপর রাখার কারণে একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।


 এছাড়া, অনেক ওয়ার্কশপ ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। ডিএমপি জানিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের দ্রুত মালামাল সরিয়ে নিতে হবে। 

অন্যথায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান সফল হলে রাজধানীর যানজট কমার পাশাপাশি পথচারীদের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।