বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।


 ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানায়।


 এতে বলা হয়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা অবগত এবং এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।


 বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বৃদ্ধি করার বিষয় নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। এ সময় উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।