ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে তিনি এই ভাষণ দেবেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় এই ভাষণ প্রচারিত হবে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাষণ দেবেন। স্থানীয় সময় রাত ৯টায় (ইস্টার্ন টাইম) ওভাল অফিস থেকে তিনি জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।
এর আগে, হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানে সামরিক অভিযান শেষ হতে পারে। একইসঙ্গে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির ইঙ্গিতও দেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরুর এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধান দেখা যায়নি; বরং পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যুদ্ধের শুরুতেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যা এখনো চালু হয়নি। তবে দেশটি তাদের মিত্র ও ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে।
বর্তমানে এই প্রণালী পুনরায় খুলে দেওয়াকে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি, ফলে এর নিয়ন্ত্রণ ঘিরেই সংঘাত আরও তীব্র হতে পারে।

মন্তব্য করুন