ক্রীড়া খাতের উন্নয়নের জন্য চীনের বড় বিনিয়োগ চায় বাংলাদেশ
বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী প্রস্তাবিত জাতীয় স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টে দক্ষ চীনা কোচ নিয়োগ এবং উন্নত প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য সব খেলাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ‘ডিজিটাল ক্রীড়া কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং দেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ক্রীড়া খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

মন্তব্য করুন