ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ের পথে ফিরল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


তরুণ বিস্ময় বালক এন্দ্রিকের দুর্দান্ত পারফরম্যান্সে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার (১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ মুহূর্তের ঝড়ে জয় নিশ্চিত করে সেলেসাওরা।


 ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই জয় ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে। ম্যাচের শুরুটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ, তবে ফুটবলের চেয়ে ফাউলের লড়াইই বেশি চোখে পড়ে। প্রথম ১১ মিনিটেই দুই দল মিলে করে ১১টি ফাউল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলায় গতি ফিরে আসে। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিউস জুনিয়রের দারুণ কারিকুরি ও কাট-ব্যাক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন অধিনায়ক দানিলো। 


এর আগে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ একাধিক নিশ্চিত গোল রুখে দিলেও দানিলোর শট ঠেকাতে পারেননি। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় ক্রোয়েশিয়া। ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে লভরো মায়ের গোল করে সমতা ফেরান। তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র চার মিনিট। বদলি হিসেবে নামা এন্দ্রিককে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। 


সেখান থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন ইগো চিয়াগো, যা ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এন্দ্রিকের দারুণ পাস থেকে ব্যবধান ৩-১ করেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মূলত এন্দ্রিক মাঠে নামার পরই ম্যাচের চিত্র বদলে যায়।


 তার গতিময়তা ও সৃজনশীল খেলায় নতুন প্রাণ পায় ব্রাজিল, আর শেষ মুহূর্তে টানা দুই গোলের ঝড়ে স্তব্ধ হয়ে যায় ক্রোয়েশিয়া। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল ব্রাজিল, আর এন্দ্রিক আবারও প্রমাণ করলেন—তিনি আগামী দিনের বড় তারকা।