শিশুশিল্পী সিমরিন লুবাবা বিয়ে করলেন

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সিমরিন লুবাবা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।


 লুবাবা পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছে। তবে দেশের একটি গণমাধ্যম তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে লুবাবার মা জাহিদা ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ সিমরিন লুবাবা। 


প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় তার। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। 


লুবাবার মা তখন জানিয়েছিলেন, তিনি ধর্মীয় অনুশীলনের দিকে মনোযোগ দিতে চান এবং জীবনধারায় পরিবর্তন আনতে চাচ্ছেন। এই বিবাহ সংবাদ ছোট পর্দার ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে, যেখানে তারা লুবাবার নতুন জীবনকে শুভেচ্ছা জানিয়েছেন।