শুভেন্দুর সহকারী হত্যার নেপথ্যে কারা? উঠছে প্রশ্ন
পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। একই ঘটনায় গাড়িচালক বুদ্ধদেব বেড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলকাতা থেকে ফেরার পথে একটি গাড়িকে লক্ষ্য করে কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। তারা গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই চন্দ্রনাথ রথের মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি এ ঘটনাকে “পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড” বলে দাবি করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অন্যদিকে, বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সহিংসতার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে, পশ্চিমবঙ্গজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই হত্যাকাণ্ড নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর এবং রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন