ফ্লোরিডা হত্যাকাণ্ড: বৃষ্টির জানাজা সম্পন্ন, শনিবার ঢাকায় মরদেহ
ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানাজার আগে মরদেহ মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শেষে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপস্থিত প্রবাসীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মরদেহ দেশে আনার ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছালে জানাজা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই পিএইচডি শিক্ষার্থী জামিল ও নাহিদা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে এবং একজন প্রতিনিধিকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

মন্তব্য করুন