৪০% সংখ্যালঘু অধ্যুষিত আসনে জিতেছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটকে “নির্ণায়ক” হিসেবে ধরা হলেও এবারের নির্বাচনে সেই সমীকরণে বড় পরিবর্তন দেখা গেছে। বহু সংখ্যালঘু অধ্যুষিত আসনেও জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে নতুন বাস্তবতা হিসেবে বিবেচিত হচ্ছে।


 ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৪৬টি আসনে সংখ্যালঘু ভোটার ২৫ শতাংশের বেশি। এসব আসনের মধ্যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৩টি আসন, যেখানে ২০২১ সালের নির্বাচনে তাদের দখলে ছিল ১২৯টি আসন। অন্যদিকে, একই ১৪৬টি আসনের মধ্যে এবার ৬৬টিতে জয় পেয়েছে বিজেপি, যা গত নির্বাচনের ১৬টি আসনের তুলনায় অনেক বেশি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো—সংখ্যালঘু ভোটার ৪০ শতাংশের বেশি এমন ১৭টি আসনেও জয় পেয়েছে বিজেপি, যেখানে ২০২১ সালে তারা জিতেছিল মাত্র ২টি আসনে।


 ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় ২৭ শতাংশ। রাজ্যের বেশ কিছু জেলা—যেমন মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদহ, নদিয়া এবং উত্তর দিনাজপুর—এগুলোতে বহু আসনে সংখ্যালঘু ভোটারের হার ৪০ শতাংশের বেশি। বিশ্লেষণে দেখা গেছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, নবগ্রাম, বড়ঞাঁ, মানিকচক, করণদিঘি ও হেমতাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনেও এবার জয় পেয়েছে বিজেপি। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে দুটি বড় পরিবর্তন একসঙ্গে ঘটেছে—একদিকে সংখ্যালঘু ভোট বিভক্ত হয়েছে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতীয় জাতীয় কংগ্রেস, আইএসএফ ও অন্যান্য দলের মধ্যে; অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে।


 রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে হিন্দু ভোটের যে মেরুকরণ ঘটেছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। এমনকি উত্তর ও পশ্চিম ভারতের অনেক বিজেপি-শাসিত রাজ্যের তুলনায়ও এই ঐক্য বেশি দৃশ্যমান। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে সংখ্যালঘু ভোটের প্রভাব ও চরিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবারের ফলাফল।