হাম করোনার চেয়ে ভয়াবহ:স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম রোগ করোনার চেয়েও কোনো অংশে কম নয় এবং বিগত সরকার এই রোগ নিয়ে হেলাফেলা করেছে।
রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘হাম বজ্রপাতের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে’, তাই জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ইতোমধ্যে বেসরকারি হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল ভর্তি হামের রোগীদের প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু। এজন্য এই বয়সের শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সুস্থ শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হবে। একই দিনে বরিশাল ও ময়মনসিংহেও কার্যক্রম চালু হবে।
পরবর্তীতে ৩ মে থেকে দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।
এদিকে প্রধানমন্ত্রী হামে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এই টিকাদান কার্যক্রম কার্যকর করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন