পাকিস্তানে জনরোষের মুখে গণপরিবহন ফ্রি ঘোষণা শাহবাজ শরিফের
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ধাক্কায় বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়েছে পাকিস্তান। নজিরবিহীন মুদ্রাস্ফীতি ও জনরোষ সামাল দিতে রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে এক মাসের জন্য সকল সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ঘোষণা করেছে সরকার।
শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, চলমান বৈশ্বিক সংকটের প্রভাবে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে, তাই সাময়িক স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৪৮৫ রুপি নির্ধারণ করলে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জনরোষের মুখে সরকার পরদিন দাম কমিয়ে ৩৭৮ রুপিতে নামিয়ে আনে।
তবে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে ৫২০ রুপিতে রাখা হয়েছে, যা কয়েক দিনের ব্যবধানে প্রায় ৫৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লাহোরসহ বিভিন্ন শহরে সাধারণ মানুষ এই মূল্যবৃদ্ধিকে ‘পেট্রোল বোমা’ হিসেবে আখ্যা দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে সরকার। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাস কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কোনো বেতন নেবেন না। এছাড়া জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে চার দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে এবং স্কুলগুলোতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, শনিবার থেকে ৩০ দিনের জন্য ইসলামাবাদের সরকারি গণপরিবহন সম্পূর্ণ ভাড়ামুক্ত থাকবে, যার জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৩৫০ মিলিয়ন রুপি।
একই সঙ্গে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ গণপরিবহনে ভাড়া মওকুফ ও পরিবহন খাতে ভর্তুকি ঘোষণা করেছেন। করাচিতেও মোটরসাইকেল চালক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এশিয়াজুড়ে বাজার অস্থির হয়ে ওঠে।
পাকিস্তানের জনগণের একাংশের অভিযোগ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে গিয়েই সরকার জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্যমতে, প্রায় ২৪ কোটি জনসংখ্যার এই দেশে ২৫ শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে—যা বর্তমান সংকটকে আরও গভীর করে তুলছে।

মন্তব্য করুন