বিসিবিতে পদত্যাগের হিড়িক,আরও চার পরিচালক সরে দাঁড়ালেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক পদত্যাগের ঘটনায় অস্থিরতা বাড়ছে। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার ম্যারাথন বোর্ড সভা শেষে আরও চারজন পরিচালক পদত্যাগ করেছেন।
শনিবার (৪ এপ্রিল) রাতে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। যদিও তাদের মধ্যে তানিম ও মনজুর বিস্তারিত মন্তব্য করতে চাননি। একই দিনে আরও একজন পরিচালকও পদ ছাড়েন বলে জানা গেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই এ পর্যন্ত সাতজন পরিচালক পদত্যাগ করেছেন।
এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সালও পদত্যাগ করেন। তবে এখনো পর্যন্ত কোনো পরিচালকের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বোর্ড সূত্রে জানা গেছে, পদত্যাগ করা পরিচালকদের মধ্যে ফাইয়াজুর রহমান ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান।
শানিয়ান তানিম ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মেহরাব আলম সিকিউরিটি কমিটির প্রধান এবং মনজুর আলম মেডিকেল বিভাগের দায়িত্বে ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পদত্যাগ করা এই চারজনই শনিবারের দীর্ঘ বোর্ড সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। তবে সভা শেষ হওয়ার পরপরই তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ওঠে।
এ অভিযোগ তদন্তে গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে, যাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। শিগগিরই সেই প্রতিবেদন জমা পড়তে পারে।
এমন পরিস্থিতিতে একের পর এক পরিচালকের পদত্যাগ বিসিবির অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন