গণভোটের রায় উপেক্ষা জাতির সঙ্গে প্রতারণা: শিশির মনির
বগুড়া, ৫ এপ্রিল: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, সাম্প্রতিক গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এই রায় উপেক্ষা করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।
যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’ বলেও মন্তব্য করেন তিনি। রোববার (৫ এপ্রিল) বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জনরায় উপেক্ষা নয়, গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশির মনির অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫১ শতাংশ ভোটে সরকার গঠন করলেও এখন গণভোটে সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সঠিক নেতৃত্বের অভাবে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
সংবিধানের একাধিক সংশোধনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট তরুণদের আত্মত্যাগের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হলেও সরকার তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকার আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারছে না এবং অদৃশ্য প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে বলে মনে হয়। জনগণের প্রত্যাশা পূরণ না হলে সরকারের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
গণভোটের রায় অগ্রাহ্য করা হলে সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজধানীর বায়তুল মুকাররম উত্তর গেটে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ঐতিহাসিক উদাহরণ তুলে ধরে তিনি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের গণভোটের প্রসঙ্গ টানেন এবং বলেন, একাধিক প্রশ্নে গণভোট আয়োজনের নজির আগেও রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান ছাড়া উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না।
গণভোটের রায়কে সম্মান জানানো না হলে সরকারের প্রশংসা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবু, অ্যাডভোকেট সাকিল আহম্মেদ এবং অ্যাডভোকেট আল-আমিনসহ অন্যরা।

মন্তব্য করুন