সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ,সারাদেশের
মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে শমশেরনগর ও ভানুগাছ রেল স্টেশনের মধ্যবর্তী পূর্ব কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে ট্রেনটি দ্রুত থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণে সিলেটগামী কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই রুটের ট্রেন চলাচল। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হয়েছে, যা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত বড় ধরনের সিডিউল বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন