জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা আজ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির দ্বিতীয় মেধাতালিকা আজ বৃহস্পতিবার (২১ মে) প্রকাশ করা হবে। বিকেল ৪টায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ ফল দেখতে পারবেন। একই সঙ্গে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন (মাইগ্রেশন) ফলও প্রকাশ করা হবে।


 বুধবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab-এ গিয়ে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: NU ATHN Roll Number এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এছাড়া রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী আইডি ও পিন নম্বর ব্যবহার করে ফল জানা যাবে।


 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকে, তবে তাকে ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে। সূচি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা ৩ থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। 


৪ থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ৪ থেকে ১৪ জুন পর্যন্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। এরপর ১৫ থেকে ২১ জুন পর্যন্ত কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেবে।