‎বিশ্ব ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎প্রতিনিধি: বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। ‎ ‎


এসময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন স্থান থেকে আসা দুই সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ‎ ‎প্রথম জামাত শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক। ‎ ‎


৩টি জামাতে ৫ সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন। বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জামাত আদায় করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল মসজিদ কমপ্লেক্স। আনসার, পুলিশ, টুরিস্ট পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেছেন নিরাপত্তার জন্য। ‎ ‎প্রতিটি জামাত শেষে ইমামগণ সারাবিশ্বে মুসলিম উম্মাহ‘র শান্তি, সমৃদ্ধি কামনা করেন। 

সেই সাথে বাংলাদেশ হাম রোগ ও ধর্ষকদের কবল থেকে শিশুদের রক্ষার জন্য মহান রবের কাছে দোয়া করেন মুসল্লিরা। ‎ ‎ঈদের নামাজ শেষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ঈদ মানে ত্যাগ। জাতি, সমাজ ও দেশের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই। ঈদুল আজহা আমাদের সেই ত্যাগের শিক্ষাই দেয়।