সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আজ বুধবার (২৭ মে) সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন একদল মুসল্লি। ঢাকা, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, চাঁদপুর, মৌলভীবাজার ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


 রাজধানী ঢাকার পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৭টায় ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন। পটুয়াখালীর ৩৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করেন। সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের মাওলানা আব্দুল গনি। বগুড়ার গাবতলী উপজেলার রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মুসল্লিরা অংশ নেন।


 মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। এ ছাড়া ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।


 উপজেলা শহরের ফুটবল মাঠসংলগ্ন দুলদুলের ধানের চাতাল ঘরে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর দেশের কয়েকটি অঞ্চলের কিছু মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে থাকেন।