ইবি শিক্ষিকা হত্যা: সিসিটিভি ফুটেজে উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যা করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। বুধবার (৪ মার্চ) বিকেলে সংঘটিত এই হত্যাকাণ্ডের সময় বিভাগের অফিস প্রায় জনশূন্য ছিল। তদন্তে দেখা গেছে, ঘটনার সময় অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অফিস ব্লক ফাঁকা ছিল। 


ওইদিন বিভাগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন থাকলেও এই সুযোগ কাজে লাগিয়ে সাবেক কর্মচারী ফজলুর রহমান রুনার কক্ষে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক ধারণা। ফুটেজ অনুযায়ী, বিকেল ৩টা ৩৮ মিনিটে শিক্ষক হাবিবুর রহমান বিভাগ ত্যাগ করেন। ৩টা ৪১ মিনিটে সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক এবং কর্মচারী ফজলুল ও সোহাগ ভবন ত্যাগ করেন। তারা দায়িত্ব নৈশপ্রহরী সুমনকে দিয়ে যান। কিন্তু ঘটনার কয়েক মিনিট আগে সুমনও ভবন ছেড়ে যান।


 ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ১ মিনিটে ফজলুর রহমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিচেন রুম থেকে পলিথিনে মোড়ানো একটি অজ্ঞাত বস্তু নিয়ে বের হন। এরপর তিনি তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নেমে রুনার কক্ষে প্রবেশ করেন। বিকেল ৪টা ১২ মিনিটে রুনার চিৎকার ‘আল্লাহ বাঁচাও’ শুনা যায়। ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী ও আনসাররা রুনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পান। পরে ফজলুর রহমানকে তার নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ইফতার মাহফিলের দিনে সবার একসাথে অনুপস্থিত থাকা রহস্যজনক, যা সুষ্ঠু তদন্তের দাবি রাখে। 


সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক জানান, তারা ব্যক্তিগত কাজে ক্যাম্পাস সংলগ্ন বাজারে গিয়েছিলেন এবং দায়িত্ব নৈশপ্রহরী সুমনের কাছে ছেড়ে গিয়েছিলেন। নৈশপ্রহরী সুমনও ব্যক্তিগত কারণে বিকেল ৪টার দিকে বিদায় নেন, যদিও সিসিটিভি ফুটেজে ঘটনার কিছুক্ষণ আগে তাকে ভবনে দেখা গিয়েছে।


 সমাজকল্যাণ বিভাগে বর্তমানে আসমা সাদিয়া রুনা ছাড়া শিক্ষক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক, সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হক, কর্মচারী সোহাগ ও নৈশপ্রহরী সুমন কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্থানান্তর করা হয়েছিল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।