এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে পাঁচ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করতে হবে।
বুধবার (১৮ মার্চ) শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতিটি নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে ‘কেন্দ্র কমিটি’ নামে ৫ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ৫ এপ্রিলের মধ্যে তা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) বরাবর পাঠাতে হবে। নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা (জেলা সদরের ক্ষেত্রে), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (উপজেলায়) এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এছাড়া একজন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। তবে সরকারি বিদ্যালয় না থাকলে বেসরকারি বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক সদস্য হতে পারবেন।
কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান। কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে চেয়ারম্যানের অনুমোদনক্রমে কেন্দ্রের আওতাধীন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষককে কেন্দ্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া যাবে। তবে কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষার্থী হন, তাহলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।
এছাড়া কেন্দ্র কমিটির চেয়ারম্যান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষ প্রয়োজনে তিনি অন্য কোনো দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবেন, তবে এ ক্ষেত্রে পদমর্যাদার বিষয়টি বিবেচনায় রাখতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন