৭ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন, নতুন ভিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে।


 সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।


 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. রইস উদ্দিন। এছাড়া সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে অধ্যাপক ড. নুরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ড. মো. মাসুদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মাহমুদ আল ফরকানকে নিয়োগ দেওয়া হয়েছে।


 অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত ভিসিরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সরকার আশা করছে।