সেই ‘নেইমার’ বিক্রি হলো ৮ লাখে

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলাে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ১৩০০ কেজি ওজনের বিশাল ষাঁড় ‘নেইমার’ শেষ পর্যন্ত ৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় খামারি নিরাঞ্জন পাড়ের খামারে লালন-পালিত ফ্লেকভি জাতের শিংবিহীন এই ষাঁড়টি তার বিশাল দেহ, ব্যতিক্রমী চেহারা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক পরিচিতি পায়।


 গত রোববার পুরান ঢাকার এক ব্যবসায়ী কোরবানির জন্য গরুটি কিনে নেন। প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ষাঁড়টির ওজন প্রায় ১৩০০ কেজি বা ৩৩ মণ। খামারি নিরাঞ্জন পাড়ে তিন বছর ধরে বিশেষ যত্নে গরুটিকে লালন-পালন করেছেন। তিনি জানান, প্রতিদিন খৈল, খড়, ভুট্টার গুঁড়া ও সবুজ ঘাস খাওয়ানো হতো গরুটিকে। পুষ্টির জন্য মাঝে মাঝে খুদ চালের ভাতও দেওয়া হতো। দৈনিক প্রায় দেড় হাজার টাকার খাবার খেত ‘নেইমার’। শুধু খাবার নয়, পরিচর্যায় ছিল বাড়তি আয়োজন—গোয়ালঘরে কার্পেট, ২৪ ঘণ্টা ফ্যান এবং নিয়মিত গোসলের ব্যবস্থা রাখা হতো। খামারি নিরাঞ্জন পাড় বলেন, “নেইমারকে খুব যত্নে বড় করেছি। প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। সেই তুলনায় ৮ লাখে বিক্রিতে বড় লাভ হয়নি, তবে আমি খুশি।”


 তার স্ত্রী ইতি পাড়ে জানান, গরুটিকে পরিবারের সদস্যের মতো করে লালন-পালন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ খামারে এসে ‘নেইমার’কে দেখতেন। স্থানীয়দের মতে, বিশাল আকৃতি ও শান্ত স্বভাবের কারণে ‘নেইমার’ এ বছর এলাকার অন্যতম আলোচিত কোরবানির পশুতে পরিণত হয়েছিল।