মাটিরাঙ্গায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ৪০০ ফলজ চারা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

 মোঃ আরিফুল ইসলাম ,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাতের আঁধারে প্রায় ১০ একর জমিতে গড়ে তোলা একটি ফলজ বাগানের ৩৫০ থেকে ৪০০টি চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিকরা। 


 শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের হরিধন মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিধন মগপাড়া এলাকাটি খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) জোন সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ফলজ চারাগাছ কেটে ফেলে। এর মধ্যে আম, পেয়ারা, লেবু, সজিনাসহ বিভিন্ন ধরনের গাছ ছিল বলে বাগান মালিকরা জানিয়েছেন। 


 ক্ষতিগ্রস্তদের দাবি, দীর্ঘদিন ধরে শ্রম, সময় ও অর্থ ব্যয় করে প্রায় ১০ একর জমিতে বাগানটি গড়ে তোলা হয়েছিল। চারাগাছগুলো কেটে ফেলায় তাদের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুধু বর্তমান বিনিয়োগই নয়, গাছগুলো থেকে ভবিষ্যতে যে ফলন ও আয় হওয়ার কথা ছিল, সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার বটতলি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৪), আব্দুল আওয়ালের ছেলে সুলতান আহমেদ (৪৫), রবিউল ইসলামের ছেলে আলমগীর (৩৬) এবং মৃত শামছুল হকের ছেলে শাহআলম (৪৫)। বাগান মালিকরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলা হয়েছে। 


তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাগান মালিকরা। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত গাছ কাটার ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।