জয়পুরহাটে গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
জাহিদুল ইসলাম (জাহিদ) ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের পরদিন আজ শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
ঘটনাস্থলের পাশে তাঁর পরা জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। আজ শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামের এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।
নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, “আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়েই তাঁর ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়েছিল।” ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন