কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


 বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসীম পরিবহনের একটি বাস ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে মিনহাজ পরিবহনের একটি বাস কিশোরগঞ্জ থেকে বিপরীতমুখী পথে ভৈরবের দিকে রওনা দেয়। নান্দলা এলাকায় পৌঁছালে দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় বাস দুমড়ে-মুচড়ে যায় এবং চালক, সহকারীসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।


 দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।


 কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম জানান, ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই কিশোরগঞ্জ সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। 


বাস দুটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের অবস্থা পর্যবেক্ষণে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নজরদারি রাখছে।