কালবৈশাখীর কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০
চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরের দিকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর কারণে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় যাত্রীবাহী লঞ্চ ‘ঈগল-৭’ ঘাটে যাত্রী নামানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আরেক লঞ্চ ‘ময়ূর-২’ নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে ঈগল-৭ লঞ্চটি হেলে পড়ে এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেকে দ্রুত নামার চেষ্টা করলে হুড়োহুড়িতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্কাউট সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। চাঁদপুর নৌ-পুলিশের এসআই বিল্লাল আজাদ বলেন, আকস্মিক ঝড়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানান।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় নৌযান চলাচল ব্যাহত হয় এবং পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

মন্তব্য করুন