জ্বালানি তেল সংগ্রহে নতুন নিয়ম: ডিসির অনুমোদিত কার্ড আবশ্যক
ঠাকুরগাঁও জেলা প্রশাসন জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে। জেলা প্রশাসকের (ডিসি) বিশেষ কার্ড ছাড়া ডিজেল সংগ্রহ নিষিদ্ধ।
ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন ও ডিলারকে প্রতিদিন মজুতের তথ্য প্রদর্শন করতে হবে। বোতল, ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি করা যাবে না। সেচ কাজে ব্যবহার করতে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল নেওয়া যাবে।
মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য তেল নেওয়ার সময় সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সীমিত করা হয়েছে। বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানিয়েছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরবরাহে স্বচ্ছতা আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন