ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর ফেরি ঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার জন্য পল্টুনে অপেক্ষমাণ ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে সরাসরি নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার জানান, একটি ডুবুরি ইউনিট ইতোমধ্যে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পরপরই অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এখনো অধিকাংশ যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অপেক্ষা করছে স্বজনরা ও স্থানীয়রা।

মন্তব্য করুন