ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।


 বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনা নিশ্চিত করেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, বোন ঝর্ণা ও ভাগনি লাবিবা।


 অপরজন প্রাইভেট কারের চালক জামাল। আহতদের মধ্যে ফয়সাল আহমাদের ভাগনে আবরার ও আরশাদ গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, ঢাকার দিকে থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। কালাকচুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী স্টার লাইন বাসটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। 


ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওসি আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। বর্তমানে বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।