স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয় হওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল
মহান স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে থাকা অপশক্তি নতুন রূপে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।” দেশবাসীর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “এই অপশক্তিকে রুখে দিতে হবে।
এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “অতীতচারিতা বর্জন করে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে এগোতে হবে।” বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে তুলনীয় নয়। কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমান করার চেষ্টা করলেও একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।”
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন