সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে তেল মজুতের অভিযোগ আসিফ মাহমুদের
২৬ মার্চ — দেশে চলমান তেল সংকটের জন্য সরকারঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সরকারের অনুমতি ছাড়া এ ধরনের বড় আকারের মজুত সম্ভব নয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব অভিযোগ করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, “আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেশে সাধারণত অন্তত দুই মাসের তেল মজুত থাকে।” তার মতে, সেই বাস্তবতায় মাত্র এক মাসের ব্যবধানে এমন সংকট তৈরি হওয়া অস্বাভাবিক এবং তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আসিফ মাহমুদ অভিযোগ করেন, “নিশ্চয়ই সরকারের অনুমতি সাপেক্ষে বড় কোনো কোম্পানি তেল মজুত করছে।
তা না হলে হরমুজ প্রণালী বন্ধের মাত্র এক মাসের মাথায় দেশে তেল সংকট হওয়ার কথা নয়।” এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি প্রশ্ন তোলেন, “যাদের প্রশাসক করা হচ্ছে, তারাই যদি পরে নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা কোথায় থাকবে?” তিনি আরও বলেন, সরকার যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে এগোয়, তাহলে এনসিপি সহযোগিতা করবে।
অন্যথায় জনগণের পাশে দাঁড়িয়ে ভিন্ন অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন।

মন্তব্য করুন