সকাল সকাল ক্ষমা চেয়ে নাসিরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত আক্রমণ পরিহার করে গঠনমূলক রাজনৈতিক আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে নিজের বক্তব্য বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। পোস্টে নাসিরুদ্দীন পাটওয়ারী লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে আলোচনার সুযোগ হয়েছে।
সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, এসব পরামর্শ তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন এবং ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে চলার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শ কামনা করেন।
এছাড়া তিনি জানান, আগের দিন তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মধ্য দিয়ে আত্মিকভাবে নতুন পথচলা শুরু করেছেন। তিনি সবার জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন।

মন্তব্য করুন