কৃষি অর্থনীতি শক্তিশালী করাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের জনগণ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার অধিকাংশই ছিল কৃষিকেন্দ্রিক এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের প্রধান লক্ষ্য।
সোমবার (২৫ মে) কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, চামড়ার সিন্ডিকেট বিষয়টি অনেকাংশে প্রচলিত ধারণা। বাস্তবে এখানে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত নানা সমস্যা রয়েছে। কাঁচা চামড়া অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সময়মতো লবণ ব্যবহার না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ট্যানারি মালিকরাও বেশি দামে চামড়া কিনবেন।
তিনি জানান, এ বছর চামড়া সংরক্ষণের পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত নয়, তবে আগামী বছর উন্নতির আশা করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি ও হ্যান্ড স্প্রেয়ারসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

মন্তব্য করুন