হঠাৎ চোখে অন্ধকার দেখতে শুরু করি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


ঝিনাইদহে হামলার ঘটনার তিন দিন পর বিস্তারিত বর্ণনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।


 সোমবার (২৫ মে) সকালে ‘ফিরে আসা মৃত্যুর মুখ থেকে’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি জানান, ঝিনাইদহে প্রয়াত ইসলামি চিন্তাবিদ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর–এর কবর জিয়ারত ও আস-সুন্নাহ ট্রাস্ট পরিদর্শনের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। যানজট ও সড়কের দুরবস্থার কারণে নির্ধারিত সময়ের পরে পৌঁছে কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তোলার পর হোটেলের উদ্দেশ্যে রওনা হলে মসজিদ প্রাঙ্গণে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এক আহ্বায়ক তাকে হুমকি দিতে শুরু করেন।


 বিষয়টি উপেক্ষা করে সামনে এগোলেও কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, প্রথমে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এরপর ধাক্কা ও ঘুষির আঘাতে তিনি দিশেহারা হয়ে পড়েন। এ সময় সহযোদ্ধারা মানববেষ্টনী তৈরি করে তাকে রক্ষা করেন। হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও জানান তিনি। পাটওয়ারী আরও দাবি করেন, পরে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং হকিস্টিক দিয়েও হামলা চালানো হয়। তিনি বলেন, পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রতিরোধের ডাক দেন এবং কয়েকজনের কাছ থেকে হকিস্টিক ও স্টিক উদ্ধার করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে। এনসিপির এই নেতা অভিযোগ করেন, হামলার সময় উপস্থিত কিছু পুলিশ সদস্য হামলাকারীদের পক্ষ নিয়েছিলেন বলে তাদের মনে হয়েছে।


 ছাত্রদল, যুবদল, বিএনপির কিছু কর্মী ও পুলিশের উপস্থিতিকে তিনি ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ হিসেবে উল্লেখ করেন। তবে স্থানীয় সাধারণ মানুষ তাদের সহায়তায় এগিয়ে এসেছেন বলেও জানান তিনি। হামলার পর বিকেলে নির্ধারিত যোগদান কর্মসূচির নিরাপত্তা ও হামলার বিচার দাবিতে থানায় যান বলে জানান পাটওয়ারী। তার অভিযোগ, পুলিশ অনুষ্ঠান না করার নির্দেশ দেয় এবং কমিউনিটি সেন্টার সিলগালা করে দেয়। পরে মামলা নিতে গড়িমসি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, অভিযোগপত্র প্রস্তুতের পর বিদ্যুৎ বিভ্রাট ও সার্ভার সমস্যার কথা বলে প্রায় আট ঘণ্টা মামলা গ্রহণে বিলম্ব করা হয়। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি গুরুত্বপূর্ণ নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পোস্টের শেষদিকে তিনি আরও দাবি করেন, হামলার পর ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


 উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়।