দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামীকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ব্যবসা করছে এবং দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 দুদু বলেন, “দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে।” জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ওপর।” তিনি আরও অভিযোগ করেন, ইসলামকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত ইসলামের বিরুদ্ধেই কাজ করছে এবং মিথ্যাচারই তাদের রাজনীতির মূল ভিত্তি। বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে আগের সরকারকে একাধিকবার সতর্ক করা হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি।


 এর ফলে নির্মূল হওয়া রোগও দেশে আবার ফিরে এসেছে বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও উল্লেখ করেন দুদু। ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে অনেক ফার্মেসি রাতেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা গভীর রাত পর্যন্ত সেবা দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়ায় একটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে।


 অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে দুদু বলেন, “যারা অপকর্ম করছে তারা বিএনপি করে না। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।” নেতাকর্মীদের আশপাশে কোনো অপকর্ম হচ্ছে কি না সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি।