ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম
বিগত অন্তর্বর্তী সরকারের সময়কার অর্জন রক্ষা করতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সব উপদেষ্টাদের সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তা মূলত সংস্কারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। ৫ আগস্টের পর থেকেই এই দ্বন্দ্বের সূত্রপাত, যেখানে একদিকে নতুন সংবিধানের দাবি, অন্যদিকে নির্বাচনমুখী রাজনীতি সামনে এসেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর গণভোটের রায় উপেক্ষা করছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করে সেগুলো বাতিলের পথে হাঁটছে।
এসব অধ্যাদেশের মধ্যে গুম প্রতিকার, মানবাধিকার কমিশন এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ও রয়েছে। তার ভাষায়, “এসব বাতিল করে বিএনপি নির্বাহী বিভাগের একক ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা স্বৈরতান্ত্রিক প্রবণতার ইঙ্গিত দেয়।” বিএনপিকে ‘সংস্কারবিরোধী দল’ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করলেও দলটি মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সংসদের মাধ্যমে সমাধান না পাওয়ায় এখন তাদের রাজপথে নামতে হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং পূর্বের অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানান তিনি।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সামনে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার মুখে জনগণের আস্থা ছাড়া সরকার টিকে থাকতে পারবে না। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, “ড. ইউনূস, আসিফ নজরুলসহ যারা দায়িত্বে ছিলেন, তাদের এখন নীরব থাকার সুযোগ নেই। তারা যেসব অধ্যাদেশ করেছিলেন, সেগুলো বাতিল হলে তাদেরও কথা বলতে হবে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এবং এখন সেই অর্জনগুলো ঝুঁকির মুখে।
সবশেষে তিনি বলেন, “জনগণের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হলে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে রাজপথে নামতে হবে।”

মন্তব্য করুন