বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস নেই, বাবারা এখন আর ধর্ষণের বিচার চায় না: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন আজকে আমরা বাংলাদেশের এমন একটা সময়ে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিচ্ছি যখন শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং তাদের বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, বাবা বিচার চাচ্ছে না কারণ এ বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস নেই।
বাবা জানে এই বিচার ব্যবস্থা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি হবে, রাজনীতির ময়দানে গরম বক্তব্য হবে কিন্তু দিনশেষে বাবারা তাদের সন্তানের ধর্ষণের কোন বিচার পাবে না। যে বিচার ব্যবস্থা জনগণের বিচার নিশ্চিত করতে পারে নাই, অন্যায়ের বিচার নিশ্চিত করতে পারে নাই। আমরা এমন বিচার ব্যবস্থা চাই না। বুধবার (২০ মে) বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, দেশের দায়িত্বে তারাই দেশের কোন সুযোগ সুবিধা ভোগ করে না। তারা দেশের টাকা বিদেশে পাচার করে সেখানে সুযোগ সুবিধা নেয়। তারা জনগণের সাথে প্রতারণা করে। আমরা এটাকেই পরিবর্তন করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে সে জায়গা থেকে সে তার অধিকার বুঝে পাবে। তিনি বলেন, আমাদের দেশের সরকারি হসপিটালগুলোতে যান সেখানে দেখবেন চিকিৎসা ব্যবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান সেখানে দেখবেন সে স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে ঐ স্কুলে পড়ায় না, সে এলাকার ইউএনও’র ছেলেকে স্কুলে পড়ায় না, ডিসির ছেলেকে ঢাকা রেখে পড়াশোনা করায়। আমলাদের ছেলেমেয়েদের বিদেশে রেখে পড়াশোনা করায়।
অর্থাৎ আমাদেরকে ওনারা এমন একটা সার্ভিস দেন যেটা ওনারা নিজেরাই গ্রহণ করেন নাই। যে সার্ভিসের ওপর আমাদের নিজেদেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমরা জনগণকে দিচ্ছি তখনি বুঝতে হবে সার্ভিসটার মধ্যে কোন না কোন প্রতারণা রয়েছে। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রিয় তরুণ প্রজন্ম আপনারা দেখবেন অনলাইন জুয়া আপনাদের জন্য সহজলভ্য করে ফেলা হয়েছে। বাজারে বাজারে অনলাইন জুয়ার সয়লাব। অনলাইন জুয়া দিয়ে তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হয়েছে, বর্ডারগুলোকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। এ বর্ডারের মাদকের উন্মুক্ত প্রসারের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হচ্ছে। আমাদের দেশের মানুষ বিচার পায় না। শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, থানাতে আমার জনগণ বিচার পায় না। মামলা দিতে গেলে মামলা রাখে না আর স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। স্বাস্থ্যমন্ত্রী আপনি চোখ খুলে দেখেন দেশের মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না। কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই কারণ সে বিচার পাবে না।
উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, জয়নাল আবেদিন শিশির, এনসিপি’র কুমিল্লার আঞ্চলিক তত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, এনসিপি’র কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ প্রমুখ।

মন্তব্য করুন