আমার এলাকায় ওয়াজ কীর্তন যেমন হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাউল গান ও মাজার সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার।


 বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, “যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারা আমাদের সংস্কৃতিরই অংশ। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের।” তিনি অভিযোগ করে বলেন, “বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল শিল্পীদের হেনস্তা করে জেলেও পাঠানো হয়েছে। 


এসব ঘটনার বিরুদ্ধে খুব বেশি প্রতিবাদ দেখা যায়নি, তবে আমি প্রতিটি ঘটনারই প্রতিবাদ করেছি।” তিনি আরও বলেন, “ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমি যতদিন এ এলাকার দায়িত্বে থাকব, ততদিন এখানে ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানও চলবে।” অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর স্মরণে প্রতিবছরের মতো এবারও তিনদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। 


এতে লোকজ উৎসবের পাশাপাশি বাউল গান, পালাগান ও বৈঠকি গানের আয়োজন থাকবে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।