সংসদে পাস হল সরকারি চাকরিতে নতুন বয়সসীমা বিল

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল উত্থাপন ও পাস করা হয়েছে। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই বিল সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 


পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে উত্থাপিত বিলের মূল বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর বয়সসীমা ছিল, সেগুলোর ক্ষেত্রেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। যেসব পদে পূর্বে উচ্চতর বয়সসীমা নির্ধারিত ছিল (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর), সেখানে সেই উচ্চতর বয়সসীমাই বহাল থাকবে। অর্থাৎ, কারও সুযোগ কমানো হয়নি।


 পাশাপাশি প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ বিধিমালাও অপরিবর্তিত থাকবে। প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতেই এই বয়সসীমা স্থির করা হয়েছে। তিনি আরও জানান, ২০২৪ ও ২০২৫ সালে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনি রূপ দিতে এই নতুন বিল আনা হয়েছে।


 বিলের বিবৃতিতে উল্লেখ করা হয়, পূর্বে অধ্যাদেশ জারির ফলে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছিল, যেখানে কিছু বিশেষ পদে উচ্চতর বয়সসীমা কমে গিয়েছিল। বর্তমান বিলের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং ৩২ বছরের অধিক বয়সসীমা নির্ধারণ করা পদগুলোর বিদ্যমান নিয়ম বহাল রাখা হয়েছে।