পহেলা বৈশাখে শুরু ‘কৃষক কার্ড’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।


 প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড প্রদান কার্যক্রম শুরু হবে। দেশের জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘ক্রীড়া কার্ড’ চালুর পাশাপাশি কৃষকদের জন্য নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রাক-পাইলট পর্যায়ে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার ৯টি ব্লকে পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ করা হবে।


 নির্বাচিত উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এ কর্মসূচি বাস্তবায়ন করবে। 


এর আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ ছাড়া খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক অনুদান দেওয়া হবে।