মহাখালী–তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ
রাজধানীর মহাখালী–নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাককর্মীরা। এতে কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ এ রুটে যানবাহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক জোন সূত্রে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, সকাল ১০টার পর নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুট এবং বিপরীতমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করতে বলা হয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওমুখী যাতায়াতের নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার, গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলমুখী বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়।
বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন