দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস ,নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ রোববার (৫ এপ্রিল) থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে।


 কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার (৬ এপ্রিল) থেকে বৃষ্টির পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়বে। ওইদিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—অর্থাৎ প্রায় সারা দেশেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ ও ৮ এপ্রিল বৃষ্টির তীব্রতা ও বিস্তার আরও বাড়তে পারে। 


বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, যেখানে ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শ্রীমঙ্গল ও রাজারহাটেও সামান্য বৃষ্টিপাত হয়েছে। এদিকে বর্তমানে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।


 আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ অনেক এলাকায় কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে। সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। 


পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এই পরিস্থিতির প্রভাবে আকাশে মেঘের ঘনঘটা তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।