ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


 নতুন সরকারের অধীনে ব্যবসায়ী মহলের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক সংলাপ, যা অর্থনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে বিদ্যমান স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 


দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, সেগুলো সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ পাবেন তারা। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি দেশের শীর্ষ শিল্পপতি, বিনিয়োগকারী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে। এতে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও বেসরকারি খাতের মধ্যে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হবে।


 বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তাদের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবে। একইসঙ্গে ব্যবসায়ী মহলের প্রত্যাশা ও সমস্যার প্রতিফলন ঘটলে তা শিল্পখাতের স্থবিরতা কাটিয়ে ওঠার পথ সুগম করতে পারে।


 সংশ্লিষ্টদের মতে, আলোচনার ভিত্তিতে যদি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হয়, তবে তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে এই বৈঠককে ঘিরে ব্যবসায়ী মহল ও অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।