বিদেশে পাচার হওয়া ৪৪ কোটির বেশি টাকা দেশে ফেরত আনল সিআইডি

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

দীর্ঘ অনুসন্ধান ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রতারণার শিকার হয়ে বিদেশে পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


 সিআইডি জানিয়েছে, প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪৪ কোটি ৪৫ লাখ টাকার সমপরিমাণ—সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান। তিনি বলেন, বহুল আলোচিত এমটিএফই (MFTF) বা মেটাভার্স-ভিত্তিক বৈদেশিক মুদ্রা প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।


 এখন পর্যন্ত ৪৪ কোটির বেশি টাকা দেশে ফিরিয়ে আনা হয়েছে। জসীম উদ্দীন খান আরও জানান, এই প্রতারণা চক্রের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। সেই অর্থ উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল সিআইডি। ধারাবাহিক তদন্ত কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।


 সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।