আজ বিকেলে বসছে সংসদ, আলোচনায় জুলাই সনদ ও অধ্যাদেশ ইস্যু
আজ রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় আবারও বসছে জাতীয় সংসদের অধিবেশন। দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এবারের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা। এ ইস্যুকে কেন্দ্র করে সংসদে উত্তাপ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাব ঘিরেই মূল বিতর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বর্তমান অধিবেশনে অনুমোদন না করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি।
অনুমোদন না পাওয়ার তালিকায় রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।
সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে আলোচনা ঘিরে আজকের সংসদ অধিবেশন প্রাণবন্ত ও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন