. শপথের আগেই অনিশ্চয়তা, বিজয়কে আটকে দিল মুসলিম লিগ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। কংগ্রেসসহ কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন পাওয়ার দাবি করলেও অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়র দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) এখনো সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।
রাজ্যের গভর্নর রাজেন্দ্র আর্লেকার জানিয়েছেন, বিজয় এখনো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি। ফলে শনিবার (৯ মে) তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ হচ্ছে না। শুক্রবার বাম দল সিপিআই, সিপিএম এবং স্থানীয় দল ভিসিকে বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানায়। এই তিন দলের মোট ছয়জন বিধায়ক রয়েছেন। কংগ্রেসের পাঁচ আসনসহ এসব সমর্থন যোগ হলে টিভিকের পক্ষে ১১৮ সদস্যের সমর্থন দাঁড়ায় বলে দাবি করা হয়, যা সরকার গঠনের ন্যূনতম সংখ্যা।
তবে সন্ধ্যায় গভর্নরের সঙ্গে বৈঠকে গিয়ে বিজয় কাঙ্ক্ষিত সমর্থনের লিখিত প্রমাণ দেখাতে ব্যর্থ হন বলে জানা গেছে। এরপর গভর্নর তাকে সরকার গঠনের আহ্বান জানাননি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) থেকে নির্বাচিত দুই বিধায়কের একজন এবং স্থানীয় দল আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম–এর একজন বিধায়কের সমর্থন পাওয়ার আশা করেছিল টিভিকে। কিন্তু পরে ওই দলগুলোর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, তারা বিজয়কে সমর্থন করছে না।
এতে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। গত সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে ২৩৪ আসনের পরিষদে টিভিকে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়। দলটি জেতে ১০৮টি আসন। তবে বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় কার্যত দলের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন।
সূত্র: NDTV

মন্তব্য করুন