রাজনীতি ছাড়ার ইঙ্গিত দেবের, অভিনয়েই ফিরতে চান পুরোপুরি
টালিউড সুপারস্টার দেব আবারও স্পষ্ট করলেন নিজের অবস্থান। দীর্ঘ এক দশকের বেশি সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন। বুধবার (৬ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক পোস্টে এ কথা তুলে ধরেন সাবেক এই সাংসদ।
ফেসবুক পোস্টে দেব লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় তিনি বিজেপিকে অভিনন্দন জানাচ্ছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও মানুষের কণ্ঠস্বর নিশ্চিত করতে কাজ করবে। চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান জনপ্রিয় এ অভিনেতা। তিনি বলেন, বাংলা চলচ্চিত্র শিল্পে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতির অবসান হওয়া প্রয়োজন। ঐক্য, সহাবস্থান এবং শৈল্পিক স্বাধীনতার পরিবেশ বজায় রেখে শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। দেব আরও বলেন, বাংলা চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি বাংলার অন্যতম বড় পরিচয়। তাই শিল্পের বিকাশে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
নিজের নির্বাচনী এলাকা ঘাটালের উন্নয়ন নিয়েও কথা বলেন দেব। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে। তার ভাষায়, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত দীর্ঘদিনের দাবি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দলের পরাজয়ে কষ্ট পেলেও রাজ্যের রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন দেব। তিনি মনে করেন, নতুন পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্প আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের ওপর অযথা নিয়মের বোঝা চাপানো হবে না।
কাজের পরিবেশ আরও স্বাভাবিক হবে এবং বাইরের কাজও আসবে।”
রাজনীতি প্রসঙ্গে তিনি জানান, এখন আর সক্রিয়ভাবে রাজনীতিতে জড়াতে চান না। বরং আগের মতো অভিনয়ে মন দিতে চান।
তার কথায়, “সব সময় ইন্ডাস্ট্রির ভাল চেয়েছি। নির্বাচনের অনেক আগে থেকেই আমার লড়াই শুরু হয়েছিল। ভাল লাগছে, সেই লড়াই শেষ পর্যন্ত সফল হয়েছে। যারা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, আমি সব সময় তাদের পাশে থাকব।”

মন্তব্য করুন