প্রকাশ্যে ‘একসাথে আলাদা’ ট্রেলার, মুক্তি ১৯ মার্চ

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর—তবু সব মানুষের জন্য নয়। এমন বাস্তবতার মুখোমুখি হন গল্পের নায়ক ফারহান ও নায়িকা আমিরা, যখন তারা বুঝতে পারেন একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। দুঃখজনকভাবে, সুখ তাদের কাছে অধরা মনে হয়। ঈদুল ফিতরে হইচইতে মুক্তি পাচ্ছে রেজাউর রহমান পরিচালিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’।


 আজ রোববার (৮ মার্চ) হইচই-এর সকল সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। গল্পটি ভালোবাসা, বিশৃঙ্খলা এবং অগণিত অনুভূতির মধ্য দিয়ে এগোয়। ফারহান ও আমিরা কীভাবে সমাজের প্রত্যাশার ভার সামলে নিজেদের মানসিক শান্তি ও সত্যিকারের সুখ খুঁজে পান—এটাই দেখানো হয়েছে। ১ ঘণ্টা ব্যাপ্তির এই রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েবফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা, যারা হইচই-এর পর্দায় প্রথমবার একসাথে দেখা যাবে।


 এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককে। পরিচালক রেজাউর রহমান বলেন, “গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরে। ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে সেই গল্পের আভাস দিতে চেয়েছি। ইয়াস ও পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন।” অভিনেতা ইয়াশ রোহান বলেন, “স্ক্রিপ্টটি পরিচিত, যা আমাদের চারপাশে ঘটে। তাই এতে যুক্ত হই।”


 অভিনেত্রী পারসা ইভানা বলেন, “চ্যালেঞ্জিং চরিত্র, রোমান্টিক কমেডি হলেও সূক্ষ্ম আবেগ রয়েছে। ট্রেইলারে তার ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে।” গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার, প্রযোজক সৈয়দ আহমেদ শাওকি, নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম।


 সিনেমাটোগ্রাফি করেছেন ইশতিয়াক হোসেন, এডিটর মাহফুজুল হক আশিক, মিউজিক খৈয়াম সানু সন্ধি, সাউন্ড ডিজাইন রিপন নাথ, মেকআপ আর্টিস্ট কাজী অস্মিতা প্রাঞ্জলি ও সুজন বেপারী, কস্টিউম স্বপ্না রানী বাইন, আর্ট ডিরেক্টর মো. রিংকু। মুক্তির তারিখ: ১৯ মার্চ, হইচই।