না ফেরার দেশে রাহুল অরুণোদয়
টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো বাংলা বিনোদন অঙ্গন।
জানা গেছে, রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন। এরপর হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে দ্রুত উদ্ধার করেন। ঘটনার পর তাকে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ধারাবাহিকটিতে রাহুলের সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দেওয়ার কথা বলে সমুদ্রে যান। ভাস্করের ভাষায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক।
ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন—এটা মেনে নেওয়া কঠিন।”
এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী, বন্ধু ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলা বিনোদন অঙ্গনে তার এই অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন