না ফেরার দেশে অভিনেতা শামস সুমন
একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা আদিবাসী মিজান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “শামস সুমন আর আমাদের মাঝে নেই। আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।” শামস সুমন দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), হ্যালো অমিত (২০১২), মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), নমুনা (২০০৮), বিদ্রোহী পদ্মা (২০০৬) এবং জয়যাত্রা (২০০৪)। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তার অভিনয় জীবনের অন্যতম বড় স্বীকৃতি।
অভিনয়ের পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর তিনি ‘রেডিও ভূমি’-তে স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
শামস সুমনের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

মন্তব্য করুন