মাতৃত্ব নিয়ে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস
আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বিশেষ উপলক্ষ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ দিনে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বিশেষ করে যারা সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন, তাদের জীবনের সংগ্রাম ও সার্থকতার গল্পও উঠে আসে আলোচনায়।
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সেই তালিকারই একজন। ২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। ক্যারিয়ারের সফল সময়েই ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে প্রায় ৯ বছর সেই বিয়ের খবর গোপন ছিল। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে হাজির হয়ে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু।
এরপর ২০১৮ সালে বিচ্ছেদের পর ছেলে জয়কে নিয়েই তার নতুন জীবন শুরু হয়। এবার মা দিবসে দেওয়া এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, “মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও ব্যাখ্যা। অনেক নেটিজেন মনে করছেন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি এই বার্তা দিয়েছেন। কেউ কেউ ধারণা করছেন, এই পোস্টে তিনি ইঙ্গিত করেছেন শবনম বুবলীর দিকে।
কারণ, বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরকে নিয়েও দীর্ঘ সময় গোপনীয়তা ছিল বলে আলোচনা রয়েছে।
তবে সামাজিক মাধ্যমে অনেকে আবার অপু বিশ্বাসকেও স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনিও নিজের সন্তান ও বিয়ের বিষয়টি বহু বছর পর প্রকাশ্যে এনেছিলেন। ফলে তার এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মন্তব্য করুন